ইত্তেফাক রিপোর্ট
প্রকাশনা খাতকে শিল্প হিসেবে ঘোষণা করার জোর দাবি জানিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। এছাড়াও প্রকাশনা ব্যবসাকে কোনো প্রকার আইন দ্বারা নিয়ন্ত্রণ না করা এবং বই বিক্রয়ের বিষয়ে অভিন্ন নীতিমালা চান তারা।
গতকাল শনিবার দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমিতির বার্ষিক সাধারণ সভায় এসব দাবি করেন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। সভাটি উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, প্রকাশকেরা হাজার হাজার বছর ধরে জ্ঞান বিতরণ করে যাচ্ছেন। ইহা মানব সভ্যতার উন্নয়নে মহত্ পেশা। অনেকে জীবনের ঝুঁকি নিয়েও প্রকাশ করে যাচ্ছে। পুস্তক বিক্রেতারা ব্যবসায়ী হলেও তাদের কাজটা মহত্। তবে এ পেশাগুলোতে রাতারাতি ধনী হওয়ার সুযোগ নেই।