শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
শরণখোলায় পুকুর খনন করতে গিয়ে ১০ ফুট মাটির নিচ থেকে একটি ম্যাগাজিনসহ ছয়টি রাইফেলের গুলি পাওয়া গেছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঠিকাদারের মাধ্যমে উপজেলার ধানসাগর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরটি পুনঃখননের কাজ করছে।
পুকুর খননের সংশ্লিষ্ট ঠিকাদারের প্রতিনিধি মো. সৈকত আকন জানান, শনিবার দুপুরে তাদের শ্রমিকরা পুকুরের মাটি খননের সময় ১০ ফুট নিচে গেলে একটি ম্যাগাজিনে ভরা ছয়টি রাইফেলের গুলি দেখতে পান। ম্যাগাজিনটি মরিচা পড়ে নষ্ট হয়ে গেছে। পুলিশকে জানালে তারা ঐ গুলি ও ম্যাগাজিনটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, উদ্ধার করা রাইফেলের গুলি নিষ্ক্রিয় এবং ম্যাগাজিনটিও নষ্ট হয়ে গেছে। এলাকাবাসীর ধারণা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় কেউ ম্যাগাজিনসহ ঐ গুলি পুকুরটিতে ফেলে দিয়েছিল। এ ব্যাপারে সাধারণ ডায়ারিভুক্ত করে গুলি মালখানায় রাখা হয়েছে।