যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। বর্তমানে ধীরগতির হলেও আগের চেয়ে বেশি। দেশটিতে করোনায় ৪ লাখের বেশি মানুষের প্রাণ গেছে। টিকা প্রদান কার্যক্রমও এগিয়ে চলছে। দেশটিতে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত ও মারা যাচ্ছে ক্যালিফোর্নিয়ায়। এদিকে প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ন্যাশনাল গার্ড সদস্যদের মধ্যে অন্তত দেড়শর বেশি সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। খবর সিএনএন ও আলজাজিরার
ক্ষমতায় আসার পরই প্রেসিডেন্ট বাইডেন করোনা মোকাবিলায় ১০ নির্বাহী আদেশ জারি করেছেন। তিনি যুদ্ধকালীন কৌশল নিয়েছেন বলে হোয়াইট হাউজের কর্মকর্তারা জানিয়েছেন। জনস হপকিন্স ইউনিভার্সিটির বরাত দিয়ে সিএনএন জানায়, শুক্রবার ১ লাখ ৮৬ হাজার ৮৯১ জন আক্রান্ত এবং ৩ হাজার ৬৫৫ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট ২ কোটি ৪৮ লাখ ১৮ হাজার ৭৭৯ জন আক্রান্ত এবং ৪ লাখ ১৪ হাজার ৪ জন মারা গেছে। যুক্তরাষ্ট্রে প্রতি লাখে ১২৫ জনের বেশি মানুষের প্রাণ গেছে। কেবল ক্যালিফোর্নিয়ায়ই প্রায় ৩২ লাখ মার্কিনি করোনায় আক্রান্ত এবং মারা গেছে ৩৬ হাজার ৩৬৫ জন। এদিকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে নিরাপত্তা দায়িত্ব পালন করা ন্যাশনাল গার্ড সদস্যদের মধ্যে অন্তত ১৫০ জন থেকে ২০০ জন করোনায় আক্রান্ত হয়েছে। সিডিসির নির্দেশনা অনুসারেই তাদের চিকিত্সা দেওয়া হচ্ছে বলে জানান মার্কিন কর্মকর্তারা। সামরিক বাহিনী জানিয়েছে, পাঁচ থেকে দশ দিনের মধ্যে ন্যাশনাল গার্ডের ১৫ হাজার সদস্য ওয়াশিংটন ছাড়বে। এই মাসের শেষ দিন পর্যন্ত অন্তত ৭ হাজার সদস্য অবস্থান করবে ওয়াশিংটনে। আর মধ্য-মার্চ পর্যন্ত ৫ হাজার ন্যাশনাল গার্ড অবস্থান করবে। অন্যদিকে ন্যাশনাল গার্ড সদস্যরা পার্কে ঘুমানোয় দুঃখ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
ভ্যাকসিন কার্যক্রম চলছে
যুক্তরাষ্ট্রে সেন্ট্রারস ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, ৩ কোটি ৯৮ লাখ ৯২ হাজার ৪০০ টিকা বিতরণ করা হয়েছে। ১ কোটি ৯১ লাখ ৭ হাজার ৯৫৯টি টিকা ছাড় দেওয়া হয়েছে। পুরো দেশ জুড়েই টিকা দেওয়া চলছে। গত মাসে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন বিভাগ ফাইজার বায়োটেক এবং মডার্নার ভ্যাকসিন প্রয়োগের অনুমতি দিয়েছিল। দেশটিতে যে গতিতে টিকা দেওয়ার কথা ছিল তার চেয়ে ধীরগতির হয়েছে। কারণ টিকা নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে মনে করেন ক্যালিফোর্নিয়ায় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের অধ্যাপক কেভিন সুলম্যান। ভুল তথ্য প্রতিরোধে আগের ট্রাম্প প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বলে জানিয়েছিলেন কেভিন সুলম্যান। তিনি টিকা প্রদান কার্যক্রম বাড়াতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি গ্যালাপের এক জরিপে দেখা যায়, ৬৫ শতাংশ আমেরিকান স্বেচ্ছায় টিকা নিতে আগ্রহী। তবে অশ্বেতাঙ্গদের মধ্যে বিরূপ মনোভাব লক্ষ্য করা গেছে। সরকার ১৫ জানুয়ারির মধ্যে ২ কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা হাতে নিলেও ১ কোটি ২০ লাখের মতো মানুষকে টিকা দেওয়া সম্ভব হয়।