জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় পুনর্জাগরণ ও জাতীয় উল্লম্ফন এবং জাসদের ৫০ বছর পূর্তিতে দুর্নীতি ও বৈষম্যের অবসান করে সুশাসন ও সমাজতন্ত্রের সংগ্রাম জোরদার করতে হবে। গতকাল শনিবার জাসদ জাতীয় কমিটির ভার্চুয়াল সভায় তিনি দলীয় নেতা-কর্মীদের প্রতি এই আহ্বান জানান।
হাসানুল হক ইনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিরীন আখতারের সঞ্চালনায় সভায় বাংলাদেশের ৫০ বছর ও জাসদের ৫০ বছর পূর্তি উদযাপনের জন্য দলের পক্ষ থেকে দুই বছরব্যাপী প্রস্তাবিত দলীয় কর্মসূচি উত্থাপন করেন দলের কার্যকরী সভাপতি রবিউল আলম। সভায় নিজ নিজ বাসা বা অবস্থান থেকে দলের কেন্দ্রীয় কমিটির সদস্যরা, কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদরা অংশ নেন।