শাহবাগে ছুরিকাঘাতে একজন নিহত

রাজধানীর শাহবাগ থানাধীন হাইকোর্টের সামনের রাস্তায় ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছে। তার বয়স আনুমানিক ৪৫বছর। গতকাল শনিবার রাত দশটার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা ভ্যান চালক আব্দুল রহমান জানান, হাইকোর্টের সামনের রাস্তা দিয়ে ভ্যান নিয়ে যাওয়ার সময় রাস্তায় লোকজন রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে তার ভ্যানে উঠিয়ে হাসপাতালে পাঠিয়ে দেয়। তারপর তিনি একাই ভ্যানে করে হাসপাতালে নিয়ে আসেন। এর বেশি বিস্তারিত কিছুই জানাতে পারেননি তিনি। 

শাহবাগ থানার ওসি মো. মামুন অর রশিদ জানান, এটি একটি হত্যাকান্ড। নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন দেখতে পেয়েছি। তবে বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে। নিহতের নাম ঠিকানা এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। কারণ তার পকেট ১৬ হাজার টাকা পাওয়া গিয়েছে।