পর্দা নামলো ঢাকা চলচ্চিত্র উত্সবের

গতকাল ঊনবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের পর্দা নেমেছে। উত্সবের শেষদিন বাংলাদেশ প্যানারোমা বিভাগে ফাখরুল আরেফীন খান পরিচালিত ‘গণ্ডি’ (দর্শক জরিপ) ও মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত ‘ঊনপঞ্চাশ বাতাস’ (জুরি) পুরস্কার ঘরে তুলেছে। রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এবারের উত্সবে শ্রেষ্ঠ শিশু চলচ্চিত্র বাদল রহমান পুরস্কার পেয়েছে রাশিয়ান চলচ্চিত্র ‘তাগানক টিম’। নারী চলচ্চিত্র নির্মাতা বিভাগে শ্রেষ্ঠ তথ্যচিত্র হয়েছে ‘ফরবিডেন চিলড্রেন’ এবং সেরা নারী নির্মাতা হিসেবে পুরস্কার জিতেছেন মারগারিদা পাইভা। স্বল্পদৈর্ঘ্য তিরিশকো’র জন্য শাকিবা খালেঘি ও ‘ওয়ে হোম’-এর জন্য স্পেশাল ম্যানশন পুরস্কার পেয়েছেন জেসিকা লরেন। স্পিরিচ্যুয়াল চলচ্চিত্র বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে ‘সিনিয়র সিটিজেন’ ও শ্রেষ্ঠ ডকুমেন্টারির পুরস্কার ঘরে তুলেছে ‘সানলেস শ্যাডো’।

এছাড়া এশিয়ান প্রতিযোগিতা বিভাগে শ্রেষ্ঠ স্ক্রিপ্ট রাইটার নাসিম ও শারাম মোকরি, শ্রেষ্ঠ সিনেমাটোগ্রাফার, ওটগনজুরিগ ব্যাচুলুউন, শ্রেষ্ঠ অভিনেত্রী মেরুইরট সুব্বুসিনোভা, শ্রেষ্ঠ অভিনেতা নিজাত ইসলার, শ্রেষ্ঠ পরিচালক কসেনিয়া লাগুটিনা ও শ্রেষ্ঠ চলচ্চিত্রের মুকুট জয় করেছে ‘দ্য রোড টু ইডেন’। উল্লেখ্য, উত্সবে ৭৩টি দেশের ২২৬টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। এরমধ্যে বাংলাদেশের রেকর্ডসংখ্যক ৪১টি চলচ্চিত্র ছিল। উত্সবে মোট ৫টি বিভাগের সেরাদের এ পুরস্কার দেওয়া হয়েছে।