তিন বিষয়ে প্রমোশনের দাবিতে কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকে আমরণ অনশন কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের ভুক্তভোগী শিক্ষার্থীরা। যার কারণে অবরুদ্ধ সাত কলেজের প্রধান সমন্বয়ক ও কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খন্দকার। এছাড়াও অবরুদ্ধ রয়েছেন কলেজের সকল বিভাগের শিক্ষক ও কর্মকর্তা- কর্মচারীরা।
আমরণ অনশন কর্মসূচিতে এখন পর্যন্ত সাত কলেজের অন্তত ৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে কোন ধরণের যোগাযোগ করা হয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের।
আন্দোলনে অসুস্থ হয়ে পড়া সাত কলেজের শিক্ষার্থীরা হলেন- সরকারি তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী রায়হান, কবি নজরুল সরকারি কলেজের ব্যবসা বিভাগের শিক্ষার্থী হাসান, বদরুন্নেসা কলেজের শিক্ষার্থী নিগাত ও ইডেন কলেজের শিক্ষার্থী আফরিন সুলতানা।তাদের সবাইকে আন্দোলনস্থলে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
এসময় আন্দোলনের মুখপাত্র ইংরেজি বিভাগের শিক্ষার্থী তাকিবুর রহমান বাপ্পি জানান, আমরা সকাল থেকে আন্দোলন শুরু করেছি এখন রাত। প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সাড়া মেলেনি। দাবি না মানা পর্যন্ত আমাদের অনশন কর্মসূচী চালিয়ে যাবো।
আরও পড়ুন: ‘দশম ও দ্বাদশ শ্রেণিতে নিয়মিত ক্লাস, বাকিদের সপ্তাহে ১ দিন’
তিন বিষয়ে প্রমোশনের দাবিতে আমরণ অনশন করছেন সাত কলেজের ভুক্তভোগী শিক্ষার্থীরা। আজ রবিবার (২৪ শে জানুয়ারি ) বেলা ১১ টায় পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজের মূল ফটক অবরোধ করে এই আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
ইত্তেফাক/এনএ/এমইউ