দর্শনা বন্দরে ভারতীয় আমদানি করা চালের প্রথম বড় চালান

দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

ভারত থেকে আমদানি করা চালের একটি বড় চালান দর্শনা আন্তর্জাতিক রেল বন্দরে প্রবেশ করেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে চালানটি আসে। ঐদিন রাতে ভারতের রপ্তানিকারক প্রতিষ্ঠান কলকাতা সভিক এক্সপোর্টের মাধ্যমে ৪২ ওয়াগনে ভর্তি চালের প্রথম চালানটি ঢোকে।

দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের সুপারিনটেনডেন্ট মীর লিয়াকত আলি জানান, নন-বাসমতি চালের জন্য এলসি খোলা হয়েছে, শনিবার রাতে ভারত থেকে আমদানি করা চাল এর প্রথম একটি বড় চালান দর্শনা আন্তর্জাতিক রেল বন্দরে ঢুকেছে, রোববার রাতে আরো একটি চালের চালান ঢুকবে বলে আমাদেরকে জানানো হয়েছে।

প্রথম চালানের চাল ২১ ওয়াগন যাবে পাবনার ঈশ্বরদী ও ২১ ওয়াগন যাবে সিরাজগঞ্জের উল্লাপাড়া। দর্শনা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কনফিডেন্স ট্রেড অ্যাসোসিয়েট লিমিটেডের স্বত্বাধিকারী আতিয়ার রহমান হাবু জানান, চালের আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকা বাংলা মোটরের মজুমদার ট্রেডার্স। আমদানি করা ৪২ ওয়াগন চালের বাংলাদেশি টাকায় বাজারমূল্য ৫ কোটি ৩৭ লাখ ২৬ হাজার ৭৮১ টাকা।