সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ২৭ জানুয়ারি

সিলেট অফিস

সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার সাক্ষ্যগ্রহণ হয়নি রবিবার। পরবর্তী তারিখ আগামী বুধবার ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়। রবিবার সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শহীদুজ্জামান চৌধুরী নারী ও শিশু নির্যাতন দমন আইন ও চাঁদাবাজির মামলার সাক্ষ্যগ্রহণ এক সঙ্গে গ্রহণের আবেদন জানালে আদালত তা নাকচ করে দিয়ে আগামী বুধবার সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি রাশিদা সাঈদা খানম এ তথ্য নিশ্চিত করে জানান, এদিন আদালতে মামলার প্রধান আসামি সাইফুর রহমান ও আরেক আসামি শাহ মাহবুবুর রহমান রনি জামিনের প্রার্থনা করলেও আদালত তা নামঞ্জুর করেন। ছাত্রলীগ নেতা সাইফুর রহমান ও শাহ মাহবুবুর রহমান ওরফে রনি ছাড়াও মামলার অন্য ছয় আসামি তারেকুল ইসলাম ওরফে তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন ওরফে আইনুল, মিসবাউল ইসলাম ওরফে রাজন, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান ওরফে মাসুমকে এদিন আদালতে হাজির করা হয়।