ইত্তেফাক রিপোর্ট
করোনার দুর্যোগে ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করায় আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) ফ্রন্টলাইন জার্নালিজম অ্যাওয়ার্ড পেয়েছেন দৈনিক ইত্তেফাকের ইকোনমিক এডিটর ও বিশেষ প্রতিনিধি জামাল উদ্দীন। রবিবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। সভাপতিত্ব করেন অ্যামচেম প্রেসিডেন্ট সৈয়দ এরশাদ আহমেদ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যামচেম সহসভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল। মাস্টহেড পিআরের সহযোগিতায় এই আয়োজনে অন্যান্যের মধ্যে অ্যামচেমের সাবেক সভাপতি আফতাব উল ইসলাম, সাবেক নির্বাহী পরিচালক এ গফুর, মাস্টহেড পিআরের প্রধান নির্বাহী জিয়াউদ্দিন আদিলসহ অ্যামচেমের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
করোনার প্রভাবে দেশের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব নিয়ে গত আগস্ট মাসে জামাল উদ্দীনের লেখা প্রতিবেদন দৈনিক ইত্তেফাকে প্রকাশিত হয়। জামাল উদ্দীন ইতিপূর্বে ইআরএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ অন্যান্য রিপোর্টিং অ্যাওয়ার্ড-ফেলোশিপও লাভ করেছেন। অ্যামচেম প্রিন্ট, টিভিসহ অন্যান্য ক্যাটাগরিতে ২৫ জন রিপোর্টার ও ফটোসাংবাদিককে পুরস্কৃত করে।