দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিয়োগ

ইত্তেফাক রিপোর্ট

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী। এরা হলেন—অ্যাডভোকেট শেখ মোহাম্মদ মোরশেদ ও ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী। রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগের পর গতকাল রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত’ তাদেরকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হলো।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৭ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম। তার মৃত্যুর পর অ্যাটর্নি জেনারেল হিসাবে নিয়োগ পান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন। এ নিয়োগের পরই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেন আইনজীবী মোমতাজউদ্দিন ফকির ও মুরাদ রেজা। এরপর এই দুইটি পদ তিন মাস শূন্য থাকার পর গতকাল দুই আইনজীবীকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হলো। এ নিয়ে মোট তিন জন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন। এর আগে গত সেপ্টেম্বর মাসে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান অ্যাডভোকেট এস এম মুনীর। ইতিমধ্যে নতুন নিয়োগপ্রাপ্ত অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলদের শুভেচ্ছা জানিয়েছেন আইনজীবীরা।