আড়াইহাজারে ডাকাতের হামলায় ট্রাকের হেলপার নিহত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ)সংবাদদাতা

আড়াইহাজারে ডাকাতের হামলায় বিল্লাল হোসেন (২২) নামের এক ট্রাকের হেলপার নিহত হয়েছে। রবিবার ভোরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দৈবই এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বিল্লাল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শাহীবাগ গ্রামের আবু কালামের ছেলে।  নিহতের বাবা কালাম জানান, তার ছেলে বিল্লাল ট্রাকের হেলপার। ঐ ট্রাক দিয়ে তার ছেলে ঢাকা থেকে সবজি নিয়ে সিলেটের দিকে যাচ্ছিল। ভোরে ট্রাকটি আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের দৈবই নামক স্থানে পৌঁছলে চার-পাঁচ জন ডাকাত ট্রাকটি থামিয়ে টাকাপয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এই সময় চালক ও হেলপারের সঙ্গে ডাকাতদের ধস্তাধস্তির এক পর্যায়ে ডাকাত দল হেলপার বিল্লালকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।