এম্বুলদেনিয়ার ঘূর্ণির সামনে রুটের প্রতিরোধ

স্পোর্টস ডেস্ক

গল টেস্টের প্রথম তিন দিনের প্রায় প্রতিটা ওভারেই মাঠে ছিলেন ইংলিশ অধিনায়ক জো রুট। তৃতীয় দিনশেষে যেন সেই ক্লান্তিই বশ করল তাকে। লঙ্কান স্পিনারদের ঘূর্ণির সামনেও ১০০ ওভারের ওপর ব্যাটিং করে দলকে ম্যাচে ফেরানো রুট আক্ষেপ জাগিয়ে ফিরে গেলেন দিনের শেষ ওভারে, রান আউট হয়ে। অল্পের জন্য ছুঁতে পারলেন না ক্যারিয়ারের পঞ্চম দ্বিশতকটি। তবে দিনশেষে জো রুটের ১৮৬ রানের শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৩৩৯ রান তুলেছে সফরকারী ইংল্যান্ড। স্বাগতিকদের হয়ে ৭ উইকেট নিয়েছেন লাসিথ এম্বুলদেনিয়া।

গলে ৯৮ রানে ২ উইকেট তৃতীয় দিন শুরু করেছিল ইংল্যান্ড। আগের দিনে ইংল্যান্ডের দুই ওপেনারকে সাজঘরে ফেরানো এম্বুলদেনিয়া এদিনেও বেশ ভুগিয়েছেন সফরকারীদের। এই বাঁহাতি স্পিনারের দিনের প্রথম শিকার হন জনি বেয়ারস্টো। প্রথম সেশনে রুট এবং জনি বেয়ারস্টোর সেঞ্চুরি জুটিকে ভেঙ্গে দেয়া এম্বুলদেনিয়া বাকি দিনে তার ঘূর্ণিতে কাবু করেন আরো চার জন ইংলিশ ব্যাটসম্যানকে। তবে এম্বুলদেনিয়ার দিনে নিয়মিত বিরতিতে ইংল্যান্ডের উইকেট পড়তে থাকলেও এক পাশ থেকে লড়াই করে যান রুট। বেয়ারস্তোর পর জস বাটলারের সঙ্গেও করে করেন বড় জুটি (৯৭)। আর কোনো ব্যাটসম্যান রুটকে সেভাবে সঙ্গ দিতে না পারলেও দিনশেষে ৩৩৯ রানের শক্ত সংগ্রহ গড়ে তুলে ইংল্যান্ড। বর্তমানে শ্রীলঙ্কার চেয়ে ৪২ রানে পিছিয়ে আছে সফরকারীরা।