শেষ কর্মদিবসের আগের দিন সড়ক দুর্ঘটনায় কলেজশিক্ষক নিহত

কালীগঞ্জে শেষ কর্মদিবসের আগের দিন মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। এছাড়া আরো দুই জনের মৃত্যু হয়েছে। গত শনিবার ও গতকাল রবিবার এসব দুর্ঘটনা ঘটে। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-

কালীগঞ্জ (ঝিনাইদহ) :শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবস পালন করতে পারলেন না যশোর বাঘারপাড়া ডিগ্রি কলেজের শিক্ষক সদর উদ্দিন (৫৮)। গতকাল কলেজ শেষে মোটরসাইকেলে ঝিনাইদহে নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। এ সময় কালীগঞ্জ উপজেলার মোস্তবাপুর নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ রাস্তার পাশে ছিটকে পড়ে। পরে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জেলার সদর উপজেলার টিকারী গ্রামের রফি উদ্দিনের ছেলে।               গতকাল শিক্ষকদের সঙ্গে কুশল বিনিময় করেই ভারাক্রান্ত মনে বাড়ি ফিরছিলেন। আজ সোমবার তার কর্মজীবনের শেষ দিন ছিল।

ভাণ্ডারিয়া (পিরোজপুর) :ইজিবাইকের ধাক্কায় ইমা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত শনিবার নদমুলা বাজার থেকে মাঝি বাড়ি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। ইমা আক্তার উপজেলার ২ নম্বর নদমুলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নদমুলা গ্রামের বাসিন্দা শফিকুলের মেয়ে।

ঘিওর (মানিকগঞ্জ) :ঘিওরে অটোবাইকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ফরহাদ হোসেন (৪২) নামে এক গার্মেন্টস কর্মকর্তার মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার সিংজুড়ি ইউনিয়নের বাইলজুড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ফরহাদ ঐ গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার একটি গার্মেন্টসের ডাইং হাউজে চাকরি করতেন।

মাহেন্দ্র ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত সাত

বরিশাল : বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর রেইন্ট্রি থ্রি-হুইলার (মাহেন্দ্র আলফা) ও কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে থ্রি-হুইলারের সাত জন আহত হয়েছেন। গতকাল মহাসড়কের রেইন্ট্রিতলা এলাকা অতিক্রমকালে এ দুর্ঘটনা ঘটে।