প্রেসিডেন্ট পদ থেকে বিদায় নিলেও সমালোচনা পিছু ছাড়েনি ডোনাল্ড ট্রাম্পের। এমনকি সিনেটেও তার অভিশংসন প্রক্রিয়া আবার শুরু হচ্ছে। এর আগে প্রতিনিধি পরিষদে তিনি অভিশংসিত হয়েছিলেন। একবার নয়, দুইবার। প্রথমবার সিনেটের কারণে তিনি রক্ষা পেয়েছিলেন। তবে এরই মধ্যে তিনি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে সবচেয়ে বেশি মিথ্যা বলার ক্ষেত্রে খ্যাতি অর্জন করেছেন।
মার্কিন প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ২০১৭ সালের ২০ জানুয়ারি থেকে ২০২১ সালের ২০ জানুয়ারি সকালে হোয়াইট হাউজ ছেড়ে যাওয়ার পূর্ব পর্যন্ত ট্রাম্প ৩০ হাজার ৫৭৩ বার মিথ্যা কথা বলেছেন। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর প্রথম বছরে প্রকাশ্যে দিনে অন্তত চারটা করে মিথ্যা বলেছেন। দ্বিতীয় বছরে তা বেড়ে হয় দৈনিক ১৬টি। তৃতীয় বছরে তা বেড়ে দাঁড়ায় দিনে ২২টি এবং চতুর্থ বছরে তা বেড়ে হয় দিনে ৩৯টি!। হোয়াইট হাউজে প্রথম ২৭ মাসে ট্রাম্প ১০ হাজার মিথ্যা বলার রেকর্ড পার করে ফেলেন। পরবর্তী ১৪ মাসে মিথ্যার সংখ্যা বেড়ে দাঁড়ায় ২০ হাজারে। এর পরের পাঁচ মাসে তার বলা মিথ্যার সংখ্যা ৩০ হাজার ছাড়ায়। জনসভা এবং নিজের টুইটার হ্যান্ডলেই ট্রাম্প সবচেয়ে বেশি মিথ্যা দাবি করেছেন বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। তারা জানিয়েছে, অভিবাসীদের দল সীমান্তে পেরিয়ে আমেরিকায় ঢুকতে ধেয়ে আসছেন বলে দাবি করে প্রতিনিধি পরিষদকে বিভ্রান্ত করার চেষ্টা করেন তিনি। ২০১৯ সালে ফোনে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে এবং তিনি জো বাইডেনের বিরুদ্ধে তদন্তের কথা জানিয়েছেন বলেও দাবি করেন ট্রাম্প। ঐ বিষয়ে ৪ মাসে প্রায় ১ হাজার মিথ্যা কথা বলেন ট্রাম্প। বিগত ১০ বছর ধরে প্রেসিডেন্টদের মন্তব্যের রেকর্ড রাখা হচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।