ফিরোজ রশীদের মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া শাহরিয়ার কবিরের

সংসদে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির কার্যক্রম বন্ধের দাবি তুলেছেন জাতীয় পার্টির নেতা কাজী ফিরোজ রশীদ এমপি। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা সংগঠনটির সভাপতি শাহরিয়ার কবির। তিনি বলেছেন, ‘নির্মূল কমিটি যুদ্ধাপরাধীদের বিচারের দাবিটাকে তৃণমূলে পৌঁছে দিয়েছিল। যে কারণে সরকারের পক্ষে সম্ভব হয়েছে একাত্তরের গণহত্যার বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করা, বিচারের পথ তৈরি করা। এটা যদি উনি (ফিরোজ রশীদ) না জানেন, এটা তো ওনার অজ্ঞতা ছাড়া কিছুই বলব না।’

প্রসঙ্গত, যুদ্ধাপরাধী গোলাম আযমকে জামায়াতে ইসলামী তাদের আমির ঘোষণার পর তার প্রতিবাদ থেকে ১৯৯২ সালে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে ওঠে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। তার মধ্য দিয়ে জোরদার হয় যুদ্ধাপরাধীদের বিচার দাবির আন্দোলন। ওই আন্দোলনে আওয়ামী লীগসহ বাম রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণ ছিল। তার ধারাবাহিকতায় আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় যাওয়ার পর একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ গ্রহণ করে, সেই বিচারে অনেকেরই সাজা হয়েছে।