পি কে হালদারের সহযোগী অবন্তিকাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ

রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পি কে) হালদারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় তার ঘনিষ্ঠ সহযোগী অবন্তিকা বড়ালকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

সোমবার দুপুর সাড়ে ১২টায় তাকে কাশিমপুর কারাগার থেকে বিশেষ নিরাপত্তায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আনা হয়। এরপর দুদকের তদন্ত কর্মকর্তা উপপরিচালক মো. সালাউদ্দিন তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। বিকাল পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

আরও পড়ুন: পি কে হালদার দেশে ফেরা মাত্র গ্রেফতারের নির্দেশ

এর আগে গত ১৩ জানুয়ারি পি কে হালদারের আরেক সহযোগী অবন্তিকা বড়ালকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে পি কে হালদারের বিরুদ্ধে দায়েরকৃত ২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর ওই দিনই তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়। 

দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন: পি কে হালদারের ভুয়া চার প্রতিষ্ঠানের ৯৬০ কোটি টাকা জব্দ

দুদক সূত্র জানায়, ২০১৯ সালে পি কে হালদারের বিরুদ্ধে ২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও তা বিদেশে পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন একটি মামলা করে। ওই মামলার তদন্তে অবন্তিকা বড়ালের সম্পৃক্ততা পায় দুদক। 

ইত্তেফাক/জেডএইচ