দুই স্কুলছাত্রসহ চার জনের মৃত্যু

 

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্রসহ চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো পাঁচ জন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

ভাঙ্গা (ফরিদপুর) :ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গার হামেরদী নামক স্থানে সোমবার দুপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহতরা হলো চুমুরদী ইউনিয়নের পূর্বসদরদী গ্রামের আবুল খায়ের ফকিরের নবম শ্রেণির পড়ুয়া সন্তান সাকিল ফকির (১৫) ও হামেরদী ইউনিয়নের নাজিরপুর গ্রামের সানোয়ার মাতুব্বরের অষ্টম শ্রেণির পড়ুয়া সন্তান শাহীন মাতুব্বর (১৪)। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে।

সাতক্ষীরা :সাতক্ষীরায় বাঁশ ভর্তি ইঞ্জিন ভ্যান উলটে রাস্তার পাশে পুকুরে পড়ে চালকের মৃত্যু হয়েছে। সোমবার সাতক্ষীরা সদর উপজেলার দরবাস্তিয়া সরকারি প্রাইমারী স্কুলের সামনে এ ঘটনা ঘটে। নিহত ইঞ্জিন ভ্যান চালকের নাম মো. রুহুল আমিন। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) :শায়েস্তাগঞ্জে বেয়াইর বাড়িতে বেড়াতে এসে কারচাপায় লাশ হলেন এক জন স্কুল শিক্ষক। রবিবার রাত ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ এলাকায় সিলেটগামী প্রাইভেট কারের ধাক্কায় মারা যান সহকারী শিক্ষক সুধীর চন্দ্র দেব (৫০)।  শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম বলেন, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) :ঘন কুয়াশার কারণে সোমবার সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়েতে পর পর সাতটি গাড়ি পেছন দিক থেকে ধাক্কা লেগে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় পাঁচ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হাসাড়া হাইয়ে থানার অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন জানান, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।