ইত্তেফাক রিপোর্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৬টির বা ২১ দশমিক ১৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। গতকাল শেয়ারদর সবচেয়ে বেশি বেড়েছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের। ডিএসই সূত্রে জানা গেছে, রবিবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৮৪ দশমিক ২০ টাকা। গতকাল লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৯২ দশমিক ৬০ টাকা। অর্থাত্ কোম্পানিটির শেয়ারের দর ৮ দশমিক ৪০ টাকা বা ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে। ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আরএকে সিরামিকের ৯ দশমিক ৮৯ শতাংশ, ক্রিস্টাল ইনসিওরেন্সের ৬ দশমিক ১৩ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইনসিওরেন্সের ৬ দশমিক ০২ শতাংশ, ডমিনেজ স্টিলের ৫ দশমিক ৫৫ শতাংশ, রিপাবলিক ইনসিওরেন্সের ৪ দশমিক ৮৪ শতাংশ, স্কয়ার ফার্মার ৪ দশমিক ১২ শতাংশ, পদ্মা অয়েলের ৪ দশমিক ১০ শতাংশ, আমান কটনের ৩ দশমিক ৯৪ শতাংশ এবং মার্কেন্টাইল ইনসিওরেন্সের শেয়ারের দর ৩ দশমিক ৬৬ শতাংশ বেড়েছে।