স্পোর্টস ডেস্ক
ঠিক চমকই দিল শ্রীলঙ্কা। তৃতীয় দিন পর্যন্ত গল টেস্টের পাল্লা ঝুঁকছিল দুই দলের দিকেই। আর সেই ম্যাচ কি না এক দিন হাতে রেখে ৬ উইকেটে জিতে নিল ইংল্যান্ড। সঙ্গে লঙ্কানদের টানা দ্বিতীয় বার হোয়াইটওয়াশের লজ্জা দিল তারা। এনিয়ে শ্রীলঙ্কার মাটিতে টানা ছয় টেস্ট অপরাজিত রইল জো রুটের দল।
অথচ প্রথম ইনিংসে ব্যাট হাতে স্বাগতিকরা যে বার্তা দিয়েছিল, তাতে ৪১ রানের লিড নিয়ে অনেক দূরই এগোনোর কথা ছিল। কিন্তু দীনেশ চান্দিমালের দল থেমে যায় মাত্র ১২৬ রানেই। আগের ইনিংসে উইকেটহীন থাকা স্পিন জুটি ডম বেস ও জ্যাক লিচের ঘূর্ণি মায়াজালে বন্দি হয় তারা। দুই ইংলিশ স্পিনারই নেন ৪টি করে উইকেট। ব্যাটিংয়ে বসন্ত কাটানো রুটের পকেটেও যায় ২ উইকেট। সবার আসা যাওয়ার মধ্যে ১০-এ নামা লাসিথ এম্বুলদেনিয়ার ৪০ রানই ছিল বড় সম্বল।
১৬৪ রানের লক্ষ্য পেরোতে হাতে আছে অফুরন্ত সময়। কিন্তু ভারত সফরের আগে একটা দিন যেন বাড়তি বিশ্রামই চেয়েছিল ইংলিশরা! এই পথে ৪ উইকেট হারালেও খুব বেশি বেগ পেতে হয়নি তাদের। অবিচ্ছিন্ন ৭৫ রানের জুটিতে জয় নিয়েই মাঠ ছাড়েন ডম সিবলি (৫৬) ও জস বাটলার (৪৬)। দুই ম্যাচে এক ডাবল সেঞ্চুরি ও এক সেঞ্চুরিতে ৪২৬ রান করায় অনুমিত ভাবেই ম্যাচ ও সিরিজ সেরার পুরষ্কার ওঠে রুটের হাতে।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা : ৩৮১ ও ১২৬
ইংল্যান্ড : ৩৪৪ ও ১৬৪/৪
ফল : ইংল্যান্ড ৬ উইকেটে জয়ী
সিরিজ : ইংল্যান্ড ২-০ তে জয়ী
ম্যাচ ও সিরিজ সেরা : জো রুট