তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বিএনপি করোনা টিকার বিষয়ে বিভ্রান্তি ছড়িয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে। গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এ সময় উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল সাহেব জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে বলেছেন, ‘এই টিকার ওপর নাকি তাদের আস্থা নাই।’ অথচ এই টিকার ওপর বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ পুরো পৃথিবীরই আস্থা রয়েছে। ভারতের কোটি কোটি মানুষকে এবং পৃথিবীর অন্যান্য দেশও এই টিকা কিনে তাদের জনগণকে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। তিনি (মির্জা ফখরুল) প্রলাপের মতো বলেছেন যে, এই টিকা প্রথমে প্রধানমন্ত্রীকে দেওয়া হোক। মানুষ বুড়ো হলে অনেক সময় ‘ডিমেনসিয়া’ হয়, তখন তারা আবোলতাবোল বলেন। আমার সন্দেহ হচ্ছে, ‘তার এ রোগ হলো কি না।’ তথ্যমন্ত্রী বলেন, ‘আমি মির্জা ফখরুল সাহেবসহ বিএনপি নেতৃবৃন্দকে অনুরোধ জানাব—সরকারের সাফল্যে আপনাদের মুখ ম্লান হয়েছে বলে জনগণকে বিভ্রান্ত করার যে নোংরা খেলায় নেমেছেন, এটি দেশ জাতি জনগণের সঙ্গে প্রতারণা।
বাংলাদেশ সংবাদ সংস্থায় তথ্যমন্ত্রী : এদিকে গতকাল বিকালে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বাংলাদেশ সংবাদ সংস্থা—বাসস কার্যালয়ে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ মন্ত্রীকে বাসসের কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরেন। মন্ত্রী বাসসের সবাইকে আন্তরিকভাবে কর্মসম্পাদনের আহ্বান জানান।