স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার চন্দ্রগঞ্জ আলাইয়াপুর ইউনিয়ন থেকে নিখোঁজ হওয়া সাবেক ছাত্রদল নেতা টিটু হায়দারকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান। গতকাল রবিবার রাতে টিটুকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের সার্জেন্ট জোহাইর প্রথমে আটক করে। পরবর্তী সময় সাবেক এই ছাত্রদল নেতাকে গ্রেফতার দেখিয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নোয়াখালীর বেগমগঞ্জ থানায় যোগাযোগ করে জানা যায় টিটুর নামে একাধিক মামলা রয়েছে।
গতকাল সে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে অপ্রকৃতিস্থ অবস্থায় ঘোরাঘুরি করছিল। স্থানীয় লোকজন খবর দিলে টিটুকে গ্রেফতার করে পুলিশ। এদিকে টিটুর স্ত্রী নুসরাত জাহান বলেন, আমার স্বামীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমার স্বামী বিএনপির রাজনীতি করে এটাই তার অপরাধ। সে যদি অপরাধী হয় তাহলে তার বিচার আদালত করবে। আমার স্বামীকে আদালতে পাঠানো হোক। অপরদিকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, দীর্ঘ দিন আমাদের এই সহকর্মীকে গুম করে রাখা হয়েছিল। গতকাল রবিবার সিদ্ধিরগঞ্জ থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।