বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ লেখক

ইত্তেফাক রিপোর্ট

২০২০ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করেছে বাংলা একাডেমি। ১০ বিভাগে ১০ জন এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন। সোমবার একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী এ পুরস্কার ঘোষণা করেন। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২০ প্রাপ্তরা হলেন— কবিতায় মুহাম্মদ সামাদ, কথাসাহিত্যে ইমতিয়ার শামীম, প্রবন্ধ/গবেষণায় বেগম আকতার কামাল, অনুবাদে সুরেশরঞ্জন বসাক, নাটকে রবিউল আলম, শিশুসাহিত্যে আনজীর লিটন, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় সাহিদা বেগম, বিজ্ঞান/কল্পবিজ্ঞানে অপরেশ বন্দ্যোপাধ্যায়, আত্মজীবনী/ স্মৃতিকথা/ ভ্রমণকাহিনী বিভাগে ফেরদৌসী মজুমদার ও ফোকলোরে মুহাম্মদ হাবিবুল্লা পাঠান। হাবীবুল্লাহ সিরাজী বলেন, বইমেলা যখন হবে তখন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পুরস্কার প্রদান করবেন।