বরিশালে মায়ের হত্যাকারীর ফাঁসির দাবিতে দুই ছেলের মানববন্ধন

বরিশাল অফিস

নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের শেরে বাংলা সড়কের মা মঞ্জিলে ছেলের সামনে তার মা বিলকিস বেগমকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত আসামি আলম শরীফের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহতের দুই সন্তান। গতকাল সোমবার সদররোডের অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন শেষে বিলকিস বেগমের দুই পুত্র কান্নাজড়িত কণ্ঠে তাদের মায়ের হত্যাকারীর ফাঁসির দাবি জানান।

মানববন্ধনে নিহতের দুই পুত্র ইমন শরীফ ও তার ছোট ভাই শান্ত শরীফ অভিযোগ করে বলেন, হত্যাকারী আলম শরীফের পক্ষ অবলম্বনকারীরা মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রলোভনসহ হুমকি দিয়ে আসছে। মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিহতের পিতা মামলার বাদী মফিজ উদ্দিন হাওলাদার প্রমুখ।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর রাতে বিলকিস বেগমের দেবর আলম শরীফ ১ লাখ টাকার চেক লিখে তাতে স্বাক্ষর করতে বলেন বিলকিস বেগমকে। চেকে স্বাক্ষর না করায় কথা কাটাকাটির একপর্যায়ে ভাতিজা ইমন শরীফের সামনেই বিলকিস বেগমকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় আলম শরীফ। এরপর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫১ দিন চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিলকিস বেগম। এ ঘটনায় নিহত বিলকিসের পিতা মফিজ উদ্দিন হাওলাদার বাদী হয়ে মেট্রোপলিটন এয়ারপোর্ট থানায় একটি মামলা করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী পুলিশের উপপরিদর্শক সুলতান আহমেদ হত্যাকারী আলম শরীফের বিরুদ্ধে আদালতে চার্জসিট দাখিল করেন। দীর্ঘ সাত বছর পালিয়ে থাকার পর গত ১৮ জানুয়ারি ভোররাতে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী এমভি ফারহান লঞ্চ থেকে গ্রেফতার করা হয় আলম শরীফকে।