নারীদের এগিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে :পুতুল

ক্লাইমেট ভালনারেবল ফোরামের থিম্যাটিক রাষ্ট্রদূত সায়মা ওয়াজেদ পুতুল বলেছেন, ‘আমাদের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতে হবে, আমাদের শিশুদের উদ্বুদ্ধ করতে হবে। তাদেরকে জীবন থেকে শিক্ষা নেওয়ার সুযোগ তৈরি করে দিতে হবে। আমাদের দেশের মেয়েদের মধ্যে যোগ্যতার কোনো কমতি নেই। আমাদের শুধু তাদের এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতে হবে—যেন তারা ভয়কে জয় করে, সামাজিক বাধা অতিক্রম করে এমন কিছু করতে পারে যা এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। গত রবিবার ইউএন উইমেন ও             ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের যৌথ উদ্যোগে আয়োজিত ‘আনটোল্ড টেলস অব উইমেন চ্যাম্পিয়নস’ শীর্ষক একটি ভার্চুয়াল আলোচনায় সভাপতির বক্তৃতায় সায়মা ওয়াজেদ এসব কথা বলেন।

এ অধিবেশনে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন সংকটের বিরুদ্ধে যারা কাজ করছেন সেই নারী নেত্রীদের একত্রিত করা হয়েছিল, যেখানে নারীরা তাদের অভিজ্ঞতার অনুপ্রেরণামূলক ঘটনাগুলো তুলে ধরেন।

ভার্চুয়াল সভায় বক্তব্য রাখেন আইসিসিএসিএডির পরিচালক অধ্যাপক সালেমুল হক, মানবাধিকার কর্মী খুশি কবির প্রমুখ। ইউএন উইমেন বাংলাদেশ কানট্রি অফিসের অফিস ইনচার্জ দিলরুবা হায়দার অধিবেশনটি পরিচালনা করেন।

ইউএন উইমেনের ভার্চুয়াল সংলাপে বক্তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব লিঙ্গ-ভিত্তিক বৈষম্যকে আরো বাড়িয়ে তুলছে—যা নারীদের আরো ঝুঁকির মুখে ফেলছে। বেশির ভাগ ক্ষেত্রে, নারীদের কেবল ‘ভিকটিম’ হিসেবে চিহ্নিত করা হয়। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক পরিণতির বিরুদ্ধে লড়াইয়ে পুরুষের পাশাপাশি নারীর লড়াইয়ের চিত্র ফুটে ওঠে না। সে জন্য জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীদের অবদানকে তুলে ধরার প্রতি গুরুত্বারোপ করা হয়।