জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে গতকাল সোমবার তার সংসদ ভবনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাত্ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুহাইলান। সাক্ষাত্কালে তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসার, কোভিডকালীন উদ্ভূত বৈশ্বিক পরিস্থিতি, অভিবাসন ইস্যু, সংসদীয় সম্পর্কের উন্নয়ন, সংসদীয় মৈত্রী গ্রুপ ইত্যাদি নিয়ে আলোচনা করেন বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সাক্ষাত্কালে স্পিকার শিরীন শারমিন বলেন, দুই দেশের সংসদ সদস্যদের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সংসদীয় সম্পর্ক আরো জোরদার করা সম্ভব। দক্ষ কর্মী সৌদি আরবে পাঠাতে বাংলাদেশ যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। বাংলাদেশ থেকে আরো অধিকসংখ্যক দক্ষ কর্মী সৌদি আরবে কর্মসংস্থানের জন্য নিতে রাষ্ট্রদূতকে অনুরোধ জানান স্পিকার। এ সময় মুজিববর্ষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে রাষ্ট্রদূতের মাধ্যমে শুরা কাউন্সিলের চেয়ারম্যানকে আমন্ত্রণ জানান তিনি।
রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুহাইলান বলেন, একত্রে কাজ করার জন্য দুই দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ তৈরি করা প্রয়োজন। এর মাধ্যমে দুই দেশের সংসদীয় সম্পর্কের অধিকতর উন্নয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।