তাইওয়ান অভিযোগ করেছে, টানা দ্বিতীয় দিনের মতো তাদের আকাশসীমায় চীনের যুদ্ধ বিমানগুলো মহড়া চালিয়েছে। শক্তি প্রদর্শনের এই ঘটনা এমন সময় হলো, যখন জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম কর্মদিবস শুরু করলেন। শনিবারের পর রবিবারের মহড়ায় ১৫টি বিমান অংশ নেয়। এ ঘটনায় হুঁশিয়ারি উচ্চারণ করেছে ওয়াশিংটন। তাইওয়ানকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি প্রদেশ হিসেবে গণ্য করে চীন। কিন্তু তাইওয়ান নিজেদের সার্বভৌম রাষ্ট্র হিসেবে মনে করে। বিশ্লেষকরা বলছেন, তাইওয়ানের প্রতি জো বাইডেনের কতটুকু সমর্থন আছে সেটিই পরীক্ষা করে দেখছে চীন। বাইডেন ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের করা প্রথম মন্তব্যে দেশটির পররাষ্ট্র মন্¿ণালয় জানিয়েছে, দেশটিকে নিজেদের প্রতিরক্ষায় সহায়তার বিষয়ে ‘দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ’ রয়েছে তারা।