২৭ জানুয়ারি
২০০৭: সংগীতজ্ঞ ও সাংবাদিক ওয়াহিদুল হকের মৃত্যু
নানা বৈরী পরিবেশেও সাংস্কৃতিক সংগ্রামে নেতৃত্বদানে পুরোধা ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন ওয়াহিদুল হক। জীবনযুদ্ধে ব্রতী হয়ে পত্রিকার পাতায় ক্রীড়া বিষয়ক লেখা দিয়েই তাঁর আত্মপ্রকাশ। ক্রমান্বয়ে বিজ্ঞান, সমাজ, সংস্কৃতি, রাজনীতি, বিশেষভাবে রবীন্দ্রনাথ হয়ে ওঠে তাঁর উপজীব্য। গভীর রসবোধসম্পন্ন এবং অপরিসীম পাণ্ডিত্যের অধিকারী তাঁর সৃজন-বলয়ে যিনি বা যাঁরাই এসেছেন, তাঁরা হয়েছেন ঋদ্ধ। সাংবাদিকতার পাশাপাশি একসময় আমন্ত্রিত অধ্যাপক হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠদানও করেছেন। গড়ে তুলেছেন একাধিক সংগঠন—ছায়ানট, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, কণ্ঠশীলন, নালন্দা শিশু শিক্ষা-সত্র।