ই-বিজনেস ম্যানেজমেন্ট :নতুন সম্ভাবনাার বিষয়

মারুফ ইসলাম

 

প্রতি বছর লক্ষ লক্ষ তরুণ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে বের হচ্ছেন আর বেকারত্বের খাতায় নাম লেখাচ্ছেন। তাদের অভিযোগ, তারা পাচ্ছেন না চাকরি। অপরদিকে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলো বলছে, তারা পাচ্ছে না দক্ষ কর্মী! সমস্যা আসলে কোথায়? বিশেষজ্ঞরা বলছেন, পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন হয়নি আমাদের শিক্ষাব্যবস্থার। এখনো আমাদের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলোতে সেকেলে বিষয়গুলোই পড়ানো হচ্ছে, যেগুলোর কোনো উপযোগিতা নেই এই একুশ শতকের পৃথিবীতে। ফলে আদ্যিকালের কোনো একটি বিষয়ের উপর ডিগ্রি নিয়ে বেকার হয়ে বসে থাকছে বেশিরভাগ শিক্ষার্থী। সমস্যা এখানেই।

সময় এখন তথ্য-প্রযুক্তি ও অনলাইনের। ফলে ব্যবসা বাণিজ্যের ধরণও পাল্টে গেছে এই অনলাইনের যুগে। দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদন থেকে জানা যায়, ২০২১ সালের মধ্যে বৈশ্বিক রিটেইল বিজনেসের পরিমাণ দাঁড়াবে ৪ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার। এই বিপুল পরিমাণ ব্যবসার ৪০ শতাংশ চলে যাবে ই-কমার্সের আওতায়। প্রথম আলো আরও বলছে, বাংলাদেশের অন্তত ২ মিলিয়ন মানুষ অনলাইনের মাধ্যমে কেনাকাটা করছে। ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) তথ্য অনুসারে, বর্তমানে বাংলাদেশে ৭ হাজারের বেশি ই-কমার্স ওয়েবসাইট রয়েছে, যারা অনলাইনের মাধ্যমে ব্যবসা করছে। 

করোনাকালের এই মহামারির সময়ে ই-কমার্স ব্যবসা বেড়েছে আগের তুলনায় অনেক বেশি। এখন ঘরে বসে মানুষ সব ধরনের কেনাকাটায় অভ্যস্থ হয়ে পড়েছে। ই-ক্যাবের হিসাবে, দেশে ই-কমার্সের বাজারের আকার এখন ১৬ হাজার কোটি টাকার বেশি। অন্যদিকে জার্মান ওয়েব পোর্টাল স্ট্যাটিস্টার বলছে, চলতি বছর বাংলাদেশে ই-কমার্সের আকার দাঁড়াবে ১৯৫ কোটি ডলারের বেশি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১৬ হাজার কোটি টাকা। তাদের পূর্বাভাস হলো, ২০২১ সালে বৈশ্বিক ই-কমার্স ব্যবসার বাজারের আকার দাঁড়াবে দুই লাখ কোটি ডলার।এই সমস্যা উপলব্ধি করে দেশে প্রথমবারের মতো ‘বিবিএস ইন ই-বিজনেস ম্যানেজমেন্ট’ নামে চার বছর মেয়াদী স্নাতক কোর্স চালু করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

ই-বিজনেসের ম্যানেজমেন্ট উপর স্নাতক কোর্স চালু করাকে অত্যন্ত সময়পোযোগী উদ্যোগ বলে অভিহিত করেছেন এই সময়ের কয়েকজন তরুণ শিক্ষার্থী। এ রকমই এক তরুণ আরিফুল ইসলাম। তিনি বলেন, ‘কলেজে পড়ার সময়ই সিদ্ধান্ত নিই, ভবিষ্যতে অনলাইনভিত্তিক ব্যবসায়ী হব।

‘আমরা এমন এক সময়ে বসবাস করছি যখন রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে সারাবিশ্বে বৈপ্লবিক পরিবর্তন ঘটে যাচ্ছে। এই পরিবর্তন আমাদের সামনে হাজির করেছে নানা ধরনের সুযোগ। যিনি চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম তিনিই এইসব সুযোগের সদ্বব্যবহার করতে পারবেন।’ এমনটাই মনে করেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান।

ই-বিজনেস ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মো. আলী ইমরান বলেন, বাংলাদেশে ই-কমার্সের এক নম্বর জায়গাটি এরই মধ্যে চীনের আলিবাবা'র দখলে। বাংলাদেশ নিয়ে আগ্রহ দেখাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স প্রতিষ্ঠান আমাজনও। আর সম্প্রতি এই বাজারে ঢুকেছে পূর্ব ইউরোপের আরেকটি বড় ই-কমার্স প্রতিষ্ঠান কিউভি। গত তিন বছর ধরে এই খাতের প্রবৃদ্ধি প্রায় একশো ভাগ। অর্থাত্ প্রতি বছর প্রায় দ্বিগুন হয়ে যাচ্ছে এই খাত। এই খাতে মাসে এখন প্রায় সাতশো কোটি টাকা লেন-দেন হচ্ছে। অর্থাত্ বার্ষিক লেন-দেন এখন আট হাজার কোটি টাকার বেশি।