বিনোদন ডেস্ক
নিজের ক্যারিয়ারে বেশকিছু ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তার তকমা নিজের করে নিয়েছেন বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ। সেই ধারাবাহিকতায় এবার দীপিকা পাডুকোন ও প্রিয়াঙ্কা চোপড়ার পথে হাঁটছেন তিনি। হলিউডের অ্যান্থলজি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জ্যাকুলিন। নারী কেন্দ্রিক ‘উইমেন স্টোরিজ’ শিরোনামের একটি সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।
জানা গেছে, সিনেমাটি থাকছে ভিন্ন এক চমক। ভিন্ন ভিন্ন ৬টি গল্পে নির্মিতব্য এই সিনেমাটি পরিচালনা করবেন নারী নির্মাতা মারিয়া সোল টোগানজি, লুসিয়া পুয়েঞ্জো ও ক্যাথরিন হার্ডউইক। একইসঙ্গে নারীরাই এই সিনেমাটির সব চরিত্রে অভিনয় করবেন । সিনেমাটি আইরভোলিনো এন্টারটেইনমেন্টের সহ-প্রযোজনা এবং অলাভজনক প্রযোজনা সংস্থা ‘উই ডু ইট টুগেদার’-এর যৌথ প্রযোজনায় নির্মিত হবে। জ্যাকুলিন ছাড়াও সিনেমাটিতে অভিনয় করবেন কারা ডেলিভেন, ইভা লঙ্গোরিয়া, মারগারিটা বাই, মার্সিয়া গে হারডেন ও লিওনর ভারেলার মতো তারকারা। সিনেমাটির শুটিং শুরু হবে ইতালি, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায়। জ্যাকুলিন বলেন, ‘হলিউডে অভিনয়ের সুযোগ আমার ক্যারিয়ারে ভিন্নমাত্রা যোগ করছে। অনেকদিন অপেক্ষায় ছিলাম এমন একটি চরিত্রের জন্য। অবশেষে সেই স্বপ্ন ধরা দিয়েছে। আশা করছি দর্শকদের নিরাশ হতে হবে না।’