দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চালাবে বেইজিং

আলজাজিরা

দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে চীন। গতকাল চীনের সামুদ্রিক নিরাপত্তাসংক্রান্ত প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, আজ ২৭ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত এই মহড়া চালানো হবে।

বিরোধপূর্ণ এই জলসীমার ওপর দিয়ে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজের মহড়া চালানোর কয়েক দিনের মাথায় এই ঘোষণা দিল বেইজিং। বিশ্লেষকেরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের রণতরির বিরুদ্ধে পালটা ব্যবস্থা হিসেবে নিজেদের অবস্থান জানান দিতেই চীন এটি করছে। আর এর মাধ্যমে বেইজিং বুঝিয়ে দিতে চাইছে, দক্ষিণ চীন সাগরে তাদের অবস্থান দুর্বল নয়। সেদিনের যুক্তরাষ্ট্রের মহড়া নিয়ে চীন বলেছে, এই অঞ্চলে এ ধরনের আচরণ শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। কেননা, এভাবে তাদের শক্তিমত্তা প্রদর্শন পেশিশক্তি দেখানোকেই প্রমাণ করে। গত শনিবার মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস থিওডর রুজভেল্টের নেতৃত্বে বেশ কয়েকটি জাহাজ দক্ষিণ চীন সাগরে মহড়া দেয়। জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মধ্যেই এই মহড়া চালানো হয়। মার্কিন সেনাবাহিনীর দাবি, ‘সমুদ্রের স্বাধীনতা’ সমুন্নত রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চীন ঐ দিন মহড়া চালানোর ঘোষণা দিয়ে বলেছে, এই অঞ্চলে যে কোনো ধরনের যান প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মহড়ার সুনির্দিষ্ট সময় এবং এর আকার জানানো না হলেও চীনা কর্তৃপক্ষ তিন দিন অর্থাত্ বুধ, বৃহস্পতি ও শুক্রবার তোনকিন উপসাগর থেকে লেইঝোও উপত্যকার পশ্চিম প্রান্ত পর্যন্ত সব ধরনের যান এবং মানুষের প্রবেশ নিষিদ্ধ করেছে।

উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরের পুরো এলাকায় নিজেদের সার্বভৌমত্ব দাবি করে চীন। গত কয়েক বছরে এই এলাকায় নিজেদের উপস্থিতি জোরালো করেছে বেইজিং। তবে ঐ অঞ্চলের ওপর ভিয়েতনাম, মালয়েশিয়া, ফিলিপাইন, ব্রুনাই এবং তাইওয়ানও নিজেদের কর্তৃত্ব দাবি করে থাকে।