উত্তেজনা নিরসনে দীর্ঘ প্রায় পাঁচ বছর পর গত সোমবার আলোচনার টেবিলে পরস্পরের মুখোমুখি হলো তুরস্ক ও গ্রিস। দুই দেশের মধ্যকার এই বৈঠককে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। খবর ডয়েচেভেলের
পূর্ব ভূমধ্যসাগর ইস্যুতে দুই দেশের বিরোধ দীর্ঘদিনের। গত কয়েক মাস ধরেই পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান নিয়ে দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। একপর্যায়ে আংকারার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির হুঁশিয়ারি দেয় ইউরোপীয় ইউনিয়ন। এমন পরিস্থিতিতে সোমবার ইস্তাম্বুলে মুখোমুখি আলোচনায় বসেন দুই দেশের প্রতিনিধিরা।
দীর্ঘদিনের বিরোধ একটা বৈঠকেই মিটে যাবে, এমনটা প্রত্যাশা করা কঠিন। কিন্তু এই বৈঠকের মাধ্যমে আলোচনার প্রক্রিয়া আবার শুরু হলো। এর ফলে নতুন করে উত্তেজনা প্রশমনের সম্ভাবনা তৈরি হবে। দুই দেশই আলোচনার টেবিলে বসে একটা ইতিবাচক মনোভাব দেখিয়েছে। তারা এখন সমস্যা সমাধানের পথ খুঁজবে। যুক্তরাষ্ট্র এরই মধ্যে এই বৈঠককে স্বাগত জানিয়েছে। আর জার্মানি বলেছে, তারা বেশ কিছুদিন ধরেই এই বৈঠকের অপেক্ষায় ছিল। এটা নিঃসন্দেহে ইতিবাচক পদক্ষেপ।
ভূমধ্যসাগরে প্রাকৃতিক গ্যাস উত্তোলন নিয়েও দুই প্রতিবেশী দেশের মধ্যে বিরোধ চরমে ওঠে। দুই দেশই দাবি করে, পূর্ব ভূমধ্যসাগরে একটি নির্দিষ্ট এলাকায় গ্যাস তোলার ও খোঁজার অধিকার তাদের আছে। তাছাড়া জলসীমা নিয়েও বিরোধ শুরু হয়।