বিবিসি ও আলজাজিরা
যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনা ভাইরাসের নতুন ধরন বা স্ট্রেইনের বিরুদ্ধেও মডার্নার উদ্ভাবিত ভ্যাকসিন কার্যকর বলে দাবি করেছে মার্কিন ওষুধ নির্মাতা প্রতিষ্ঠানটি।
এই ভ্যাকসিন দেওয়ার পর শরীরের ভেতরে সৃষ্ট রোগ প্রতিরোধক্ষমতা নতুন ধরনের করোনা ভাইরাস শনাক্ত ও প্রতিরোধে সক্ষম বলে প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে। তবে ভ্যাকসিন নেওয়া মানুষের ক্ষেত্রে এটি কতটা সত্যি, তা পুরোপুরি নিশ্চিত হতে আরো গবেষণার প্রয়োজন। ইতিমধ্যে বেশ কয়েকটি দেশে দ্রুত হারে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাসের নতুন ধরনটি। ধারণা করা হয়, করোনা ভাইরাসের এই নতুন ধরন আগেরটির তুলনায় দ্রুত ছড়িয়ে পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, গত সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্যে শনাক্ত হওয়া ভাইরাসের ধরনটি অন্তত ৭০ শতাংশ বেশি হারে বিস্তার ঘটাতে পারে।
বর্তমানে বিশ্ব জুড়ে যে ভ্যাকসিনগুলো তৈরি হচ্ছে, সেগুলো করোনা ভাইরাসের প্রথম দিকের ধরন ঠেকানোর চিন্তা করে তৈরি করা হয়েছে। তবে বিজ্ঞানীদের বিশ্বাস, এটি নতুন ধরন ঠেকাতেও কাজ করবে। এর আগে প্রাথমিক কিছু ফলাফলে দেখা গেছে, ফাইজারের ভ্যাকসিনও যুক্তরাজ্যের নতুন ধরনের বিরুদ্ধে কার্যকর।