মৌলভীবাজার পৌরসভা নির্বাচন
মৌলভীবাজার প্রতিনিধি
৩০ জানুয়ারি মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে এবারও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফজলুর রহমানের বিপরীতে বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন মো. অলিউর রহমান। ১১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকে প্রধান দুই দলের উভয় প্রার্থীই সমান তালে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন। মেয়র প্রার্থীদের পাশাপাশি ৯টি ওয়ার্ডের আটটি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরাও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ফজলুর রহমান বলেন, ‘নির্বাচনের প্রচার-প্রচারণা দেখে নিশ্চিত বলা যায় নৌকা বিজয়ী হবে।’ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান বলেন, বর্ধিত সভা না হলেও পৃথক পৃথকভাবে দলীয় প্রার্থীর পক্ষে বৈঠক হচ্ছে। নেতাদের মাধ্যমে সমন্বয় সভা হচ্ছে প্রত্যেক ওয়ার্ডে।
চৌদ্দগ্রামে প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আকৃষ্টের চেষ্টা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা জানান, তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে চৌদ্দগ্রাম পৌরসভা নির্বাচন। এ নির্বাচন উপলক্ষ্যে মাঠে সরগরম চার মেয়র ও ৬০ কাউন্সিলর প্রার্থী। প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে, কখনো মাঠে আবার হাটবাজারে গিয়েও কুশল বিনিময় করছেন। আবার দলীয় নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে এলাকাভিত্তিক গণসংযোগ করছেন। মেয়র প্রার্থীরা নির্বাচিত হলে পৌরবাসীর সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা প্রতিশ্রুতির মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন।
ধামইরহাটে জমে উঠেছে পৌর নির্বাচন
ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা জানান, নওগাঁর ধামইরহাটে জমে উঠেছে পৌরসভার নির্বাচন। বিভিন্ন গানের সুরে ও ছন্দ মিলিয়ে মেয়র-কাউন্সিলর প্রার্থীদের পক্ষে মন মাতানো প্রচার চালানো হচ্ছে। মেয়র পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমিনুর রহমান নৌকা প্রতীকে, বিএনপি সমর্থিত মাহবুবুর রহমান চপল চৌধুরী ধানের শীষ প্রতীকে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে অ্যাডভোকেট আইয়ুব হোসেন নারিকেল গাছ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।