সাড়ে চার ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

ঘন কুয়াশার কারণে সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়। সোমবার দিবাগত মধ্যরাত ৩টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত এ পথে ফেরি চলাচল বন্ধ ছিল। এসময় কুয়াশার কারণে যানবাহন বোঝাই তিনটি ফেরি নদীর মধ্যে নোঙর করতে বাধ্য হয়। নদী পাড়ি দিতে না পারায় উভয় ঘাটে পাঁচ শতাধিক বিভিন্ন যানবাহন আটকা পড়ে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে কুয়াশার কারণে পায়ই নৌযান পারাপার ব্যাহত হয়। সোমবার দিবাগত রাতে আবারও কুয়াশা পড়লে অনেকটা ঝুঁকি নিয়ে ফেরি চলাচল করতে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা বাড়তে থাকায় দুর্ঘটনা এড়াতে রাত ৩টা থেকে ফেরি বন্ধ করে দেওয়া হয়। পরে সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চালু হয়।