সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুর পৌরসভা নির্বাচনের নতুন তপশিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি ঐ পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার বাংলাদেশ নির্বাচন কমিশনের আদেশক্রমে নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
নতুন তপশিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ৪ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণ ২৮ ফেব্রুয়ারি। তবে শুধু মেয়র এবং ১২ নম্বর ওয়ার্ডে সাধারণ আসনে কাউন্সিলর পদে নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে। ইতিপূর্বে অন্যান্য ওয়ার্ডে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না। সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম সত্যতা নিশ্চিত করে জানান, নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
উল্লেখ্য, সৈয়দপুর পৌরসভা নির্বাচন গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ভোটের দুদিন আগে মেয়র প্রার্থী ও সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার এবং পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে সাধারণ আসনের সুলতান খান মারা যান।