ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ৩৮ কিশোর-কিশোরী

বেনাপোল (যশোর) সংবাদদাতা

ভালো কাজের প্রলোভনে পড়ে অবৈধ পথে ভারত গিয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে ৩৮ বাংলাদেশি কিশোর-কিশোরী। সোমবার সন্ধ্যায় তাদের ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসাদের মধ্যে ১০ জন ছেলে ও ২৮ জন মেয়ে রয়েছে। এদের সবার বয়স ১৮ থেকে ১২ বছরের মধ্যে। ভারতে নিযুক্ত বাংলাদেশি ডেপুটি হাইকমিশনার শামীম ইয়াসমিন এদের সঙ্গে বাংলাদেশে এসেছেন। তিনি বলেন, বিভিন্ন সময়ে দালালের খপ্পরে পড়ে ভালো কাজের আশায় এরা ভারতে যায়। বিভিন্ন অঞ্চলে বাসাবাড়িতে কাজ করার সময় তারা ভারতীয় পুলিশের হাতে আটক হয়। দুই থেকে চার বছর সাজাভোগের পর তারা দেশে ফিরে এসেছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আহসান হাবিব বলেন, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে এদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের এনজিও সংস্থা ১৭ জন, মহিলা আইনজীবী সমিতি সাত জন এবং মানবাধিকার সংস্থা রাইটস যশোর ১৪ জনকে নিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।