গাজীপুর প্রতিনিধি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, টেকসই নির্মাণকাজ করার জন্য প্রশিক্ষিত শ্রমিক ও প্রকৌশলী প্রয়োজন। প্রকৌশলীরা যদিও বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে আসেন কিন্তু আমাদের যারা শ্রমিক হিসেবে কাজ করেন তাদের কোনো রকম প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ থাকে না। সে কারণে গুণমান নিয়ন্ত্রণ এবং কাজের পরিমাণ বেশি করা তাদের পক্ষে অনেক সময় সম্ভব হয়ে উঠে না। এ বিষয়টিকে চিহ্নিত করে এলজিইডির একটি প্রশিক্ষণ ইউনিট করা হচ্ছে। সে প্রশিক্ষণ ইউনিটে সাধারণ লোকদের বিশেষ করে রাজমিস্ত্রি ও রডমিস্ত্রিসহ নির্মাণকাজের সঙ্গে যুক্তদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তাদের যে সার্টিফিকেট দেওয়া হবে তা দিয়ে বাংলাদেশে এবং দেশের বাইরে তারা কর্মসংস্থানের সুযোগ পাবেন। গতকাল মঙ্গলবার গাজীপুর সিটি করপোরেশনের গজারিয়াপাড়া এলাকায় নির্মাণ দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্র ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন, এলজিইডির প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ খান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেহ উদ্দিন ও লুত্ফর রহমান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. জাকির হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আফরোজা আক্তার রেবা, গাজীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল বারেক প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী গাজীপুর সিটি করপোরেশনের আটটি ওয়ার্ডের নির্মাণাধীন রাস্তার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।