ইত্তেফাক রিপোর্ট
প্রথমবারের মতো রাজধানীর গাবতলী ও মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে ইজারার মাধ্যমে রাজস্বের মুখ দেখল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বাস টার্মিনাল দুটিকে এক বছরের জন্য মোট ১২ কোটি ১ লাখ ২০ হাজার টাকায় ইজারা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ডিএনসিসির নগর ভবনে মেয়র আতিকুল ইসলামের কাছে ইজারাদাররা চেক হস্তান্তর করেন। এ সময় আতিকুল ইসলাম বলেন, মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল এখন ইজারাদারদের কাছে সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য শর্ত দেওয়া হয়েছে। অন্যথায় ইজারা বাতিল হবে।
১২ জানুয়ারি ২০২১ থেকে ১১ জানুয়ারি ২০২২ পর্যন্ত এক বছরের জন্য লালমাটিয়াস্থ রাফি ট্রেডার্স লিমিটেডকে বাত্সরিক ৭ কোটি ৩৯ লাখ ২০ হাজার টাকায় গাবতলী টার্মিনাল ইজারা দেওয়া হয়। এছাড়া এ টার্মিনালের বিদ্যুত্ ও পানির বিল ইজারাদার কর্তৃক পরিশোধ করতে হবে।
অন্যদিকে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের রাজস্ব আদায়ের জন্য ইব্রাহিমপুরের গাজী রাইয়ান এন্টারপ্রাইজকে ২৬ জানুয়ারি ২০২১ থেকে ২৫ জানুয়ারি ২০২২ এ এক বছরের জন্য ৪ কোটি ৬২ লাখ টাকায় ইজারা দেওয়া হয়। এছাড়া এ টার্মিনালের বিদ্যুত্, পানির বিল ইজারাদারদের পরিশোধ করতে হবে।