টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা
টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া এলাকায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে জাকির হোসেন নামে ডিবি পুলিশের এক সোর্সকে খুন করেছে। টঙ্গী পূর্ব থানা পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
জানা যায়, জাকির বরিশাল বরগুনা জেলার সদর থানার পাগরকাছিয়া গ্রামের মৃত আব্দুল আলী রমিজের ছেলে। তিনি পূবাইলের হারবাইদ গ্রামে বাস করে ঢাকা-গাজীপুরে ডিবি পুলিশ ও র্যাবের সোর্স হিসেবে দীর্ঘদিন যাবত্ কাজ করছিলেন। গতকাল মঙ্গলবার দুপুরে তিনি টঙ্গীর মরকুন পশ্চিপপাড়ায় গেলে দুর্বৃত্তরা তাকে ধরে শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ফেলে যায়। পরে টঙ্গী জিআরপি বস্তির লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু ঘটে। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আমিনুল ইসলাম ঘটনার সততা নিশ্চিত করেন।