স্পোর্টস রিপোর্টার
গত দুই বছর ধরেই নির্বাচকদের সুনজরে আছেন ইয়াসির আলী রাব্বি। ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত এ পারফরমার এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় আছেন। মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলেও সুযোগ পেয়েছেন। চট্টগ্রামের এ তরুণ ক্রিকেটার বলেছেন, মানসিকভাবে বেশ উন্নতি হয়েছে তার। আর নিজের ব্যাটিংয়ে উন্নতির জন্য বাংলাদেশের সাবেক ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জিকে কৃতিত্ব দিয়েছেন তিনি।
ওয়ানডে সিরিজ শেষে গতকালই পুরোদমে অনুশীলন শুরু করেছে বাংলাদেশের টেস্ট দল। সাকিব-তামিমরা বিশ্রামে থাকলেও মুমিনুল হক-ইয়াসিররা অনুশীলন করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫১ ম্যাচে ৮ সেঞ্চুরি, ২২ হাফ সেঞ্চুরিসহ ৫১.৩৩ গড়ে ইয়াসির ৩ হাজার ৫৪২ রান করেছেন। লিস্ট-এ ক্রিকেটেও ৭৩টি ম্যাচ খেলেছেন ডানহাতি এ ব্যাটসম্যান। ব্যাটিংয়ে টেকিনক্যাল উন্নতিতে প্রোটিয়া ব্যাটিং কোচ ম্যাকেঞ্জির অবদান স্বীকার করে গতকাল ২৪ বছর বয়সি এ ব্যাটসম্যান বলেছেন, ‘টেকনিক্যালি তো অবশ্যই কারণ ম্যাকেঞ্জি ছিল। যখন ঢুকেছি তখন ওর সঙ্গে ব্যাটিংটা টেকনিক্যালি অনেক বেশি ২/৩টা জিনিস আরো বেশি উন্নতি করে দিয়ে গেছে। আমি অবশ্যই বলব যে আল্লাহর রহমতে আমার অনেক উন্নতি হয়েছে। এখন থেকে আমি জাতীয় দলের অধীনে আসলাম দেখি নতুন যে ব্যাটিং কোচ জন লুইস আসল তো তার সঙ্গে আমি কাজ করার জন্য অনেক আগ্রহী।’ ২০১৯ বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলে ছিলেন ইয়াসির। বিশ্বকাপের আগে ও পরে ম্যাকেঞ্জির সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করেছেন তিনি। শুধু ব্যাটিং নয়, মানসিকভাবে আগের চেয়ে সুস্থির হয়েছেন ইয়াসির।
গতকাল তিনি বলেছেন, ‘আল্লাহর রহমতে গত এক বছর ধরে যে জিনিসটা বেশি উন্নতি হয়েছে ঐ জিনিসটা হচ্ছে মানসিক দৃঢ়তা। অনেক বেশি উন্নতি হয়েছে। আগে দেখা যাই তো একটা দুইটা ইনিংস খারাপ খেললে বা খারাপ সময় আসলে ভেঙে পড়তাম কিন্তু এখন আল্লাহর রহমতে ঐ রকম না।’