স্পোর্টস রিপোর্টার
প্রিমিয়ার ফুটবল লিগের খেলা শুরু হয়েছে ১৩ জানুয়ারি। এর মধ্যে ঢাকায় ছাড়াও মুন্সীগঞ্জ, কুমিল্লায় খেলা হয়ে গেছে। আজ গাজীপুরে প্রিমিয়ার লিগের খেলা শুরু হবে। এই ভেন্যুতে খেলা হলে ফুটবলের জন্য গাজীপুরের ফুটবলে নতুন দিগন্তের সূচনা হবে। গাজীপুরে ঢাকার দল আগেও খেলেছে। তবে এবার ঘটা করে প্রিমিয়ার লিগের খেলা অর্থাত্ দেশের ফুটবলের প্রথম শ্রেণির ম্যাচ হতে যাচ্ছে।
গাজীপুরের প্রয়াত রাজনীতিবিদ শহিদ আহসন উল্লাহ মাস্টারের নামে স্টেডিয়াম। সেখানে ফুটবল ম্যাচ আয়োজনের সব পরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছে। ব্রাদার্স ইউনিয়ন এবং উত্তর বারিধারা মুখোমুখি হবে বিকাল ৩টায়। লিগের খেলা নিয়মিত হলে গাজীপুরের ফুটবল দর্শক মোহামেডান এবং আবাহনীর ম্যাচও দেখতে পারবেন। গাজীপুরের অনেক ফুটবলার ঢাকার মাঠে সুনাম কুড়িয়েছে। দেশের অন্যতম সেরা স্ট্রাইকার এনায়েত গাজীপুরের কালীগঞ্জ হতে এসেছিলেন, গোলকিপার করিম, হাসান, স্টপার আজমত, উইংব্যাক রউফ বাবু, ইকবাল, রজনী, আরো কত ফুটবলার খেলেছেন। জাতীয় ফুটবল দলে খেলেও আলো ছড়িয়েছেন অনেকেই। দুর্ভাগ্য হচ্ছে সময়ের সে াতের সঙ্গে সঙ্গে গাজীপুর ফুটবল সঠিক পথে হাঁটতে পারেনি। পরিচর্যা পায়নি। অথচ ঢাকার কাছে অবস্থান করেও উন্নতির ছোঁয়া পায়নি গাজীপুর। ঢাকার ফুটবল হতে অনেক দূরে অবস্থান করছে গাজীপুর। সেই দূরত্ব কমিয়ে আনতে পারে এখনকার প্রিমিয়ার ফুটবল। অনেক দেরি হলেও গাজীপুর আবার ফুটবলের সঙ্গে হাঁটতে শুরু করেছে। প্রিমিয়ার লিগ দিয়ে নতুন যাত্রা শুরু হলেও এটি নতুন মাত্রা পাবে। এই এলাকারই সন্তান আহসান উল্লাহ মাস্টারের পুত্র বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল গাজীপুরে ফুটবল খেলাটার ভিত্তিটা পুনরায় স্থাপন করতে শক্তহাতেই লড়াই করছেন। মোহামেডান, আবাহনী, বসুন্ধরা কিংস, সাইফ স্পোর্টিং ক্লাবের মতো দলগুলোর খেলা দেখতে পারবেন দর্শক।
গাজীপুর ছাড়াও ঢাকার মাঠেও আজ প্রিমিয়ার লিগের খেলা রয়েছে। দুই দিন বিরতির পর আজ আবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে লিগের খেলা মাঠে গড়াবে। ১৩ দলের মধ্যে ১০টি দলের তিনটি করে খেলা হয়ে গেছে। এদের মধ্যে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং আবাহনী তিন ম্যাচে পুরো ৯ পয়েন্ট তুলে নিয়ে শীর্ষে রয়েছে। সাত পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেখ রাসেল, ছয় পয়েন্ট যৌথভাবে চতুর্থ স্থানে শেখ জামাল এবং চট্টগ্রাম আবাহনীর অবস্থান। তিন খেলায় মোহামেডানের চার পয়েন্ট, বারিধারা, ব্রাদার্স এবং আরামবাগ এখনো পয়েন্টের মুখ দেখেনি।
আজকের খেলা : উত্তর বারিধারা ও ব্রাদার্স। ৩টা, গাজীপুর। শেখ জামাল ও আরামবাগ। রহমতগঞ্জ ও বসুন্ধরা কিংস।
৩টা ৩০, ৬টা বঙ্গবন্ধু স্টেডিয়াম।