আফগানদের কাছে হোয়াইটওয়াশ আইরিশরা

টানা দ্বিতীয় সেঞ্চুরিতে জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন পল স্টার্লিং। কিন্তু ফর্মে থাকা এই ওপেনার আউট হওয়ার পরপরই ছন্দপতন হয় আয়ারল্যান্ডের। রশিদ খানের অলরাউন্ড নৈপুণ্যে ৩৬ রানে ম্যাচ হেরে শেষ পর্যন্ত হোয়াইটওয়াশেরই স্বাদ পেল আইরিশরা। আবুধাবিতে ৩য় ও শেষ ওয়ানডেতে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৬৬ রানের সংগ্রহ দাঁড় করায় আফগানিস্তান। ৪০ বলে ৩ চার ও ৩ ছয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন রশিদ। জবাব দিতে নেমে ২৩০ রানে অলআউট হয় আইরিশরা। পল স্টার্লিং ছাড়া কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে পারেননি। ১১৯ বলে ৯ চার ও ৬ ছয়ে ১১৮ রান করে মুজিবের বলে বোল্ড হন স্টার্লিং। বল হাতে এখানেও আধিপত্য দেখান রশিদ। ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন এই স্পিনার।