খেলোয়াড়ি জীবনে ১৩ বছর কাটিয়েছেন চেলসিতে। আছে আজীবন মনে রাখার মতো নানান সব স্মৃতি। কিন্তু কোচ হিসেবে প্রিয় ক্লাবে থাকার অভিজ্ঞতাটা সুখকর ছিল না ফ্রাংক ল্যাম্পার্ডের জন্য। তিন বছরের চুক্তির ১৮ মাস না যেতেই বরখাস্ত হতে হয় সাবেক এই মিডফিল্ডারকে। ছাঁটাই করলেও চেলসির সঙ্গে ল্যাম্পার্ডের সম্পর্কে কোনো চিড় ধরবে না বলে জানিয়েছেন ক্লাব মালিক রোমান আব্রামোভিচ। বিদায়ের পর মুখ খুলে ল্যাম্পার্ডও জানিয়ে গেলেন সে কথা। সাবেক চেলসি কোচ বলেন, ‘এই মৌসুমে ক্লাবকে অন্য পর্যায়ে নিয়ে যেতে না পেরে আমি হতাশ। গত ১৮ মাসে যারা আমাকে অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা দিয়েছে তাদেরকে ধন্যবাদ।’ সাবেক শিষ্যের এমন পরিণতিকে ফুটবলের নির্মমতা হিসেবেই ব্যাখ্যা করেছেন জোসে মরিনহো। টটেনহাম কোচ বলেন, ‘কোনো সহকর্মী চাকরি হারালে অৃামি খুবই দুঃখ পাই। তবে এটাই ফুটবলের নির্মমতা, বিশেষ করে মডার্ন ফুটবলে।’