গাজীপুরে মহিলা, শিশু ও কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্রে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক হেফাজতী নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে ঐ কেন্দ্রের তৃতীয় তলায় ৩০৩ নম্বর রুমের টয়লেট থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম নাজমা আক্তার (২০), তিনি ময়মনসিংহের নান্দাইল থানার উত্তর কোনাপাড়া গ্রামের মো. হারেছ আলীর মেয়ে।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার পরিদর্শক (তদন্ত) শেখ মিজানুর রহমান জানান, ঢাকার শাহআলী থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি মামলায় গত ২২ ডিসেম্বর গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন সমাজসেবা অধিদপ্তরের শিশু উন্নয়ন কেন্দ্র (বালিকা) হতে নাজমা আক্তার এ প্রতিষ্ঠানে আসেন।
নিরাপদ আবাসন কেন্দ্রের কর্মকর্তাদের বরাত দিয়ে ঐ পুলিশ কর্মকর্তা আরো জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে ঐ কেন্দ্রে হেফাজতে থাকা সব হেফাজতীদের প্রতিদিনের মতো ভবনের তৃতীয় তলা থেকে নিচে নামানো হলে ঐ নারী মাথা ব্যথার অজুহাতে নিচে নামেননি। পরে হেফাজতীরা তার গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত বলে জানিয়ে দেন।