মর্গে রাখা নারীদের লাশের সঙ্গে বিকৃত আচরণ করার অভিযোগে দায়ের করা পৃথক দুই মামলায় গ্রেফতার মুন্না ভগতের দুই দিন করে মোট চার দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস এ রিমান্ড মঞ্জুর করেন। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আফসানা আক্তার ।
তিনি বলেন, সোমবার আসামি মুন্না ভগতকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে এবং প্রকৃত রহস্য উদ্ঘাটন ও বিকৃত আচরণের ঘটনায় মূলহোতাকে শনাক্ত করার জন্য মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই মোহাম্মদ শাহরিয়ার আলম দুই মামলায় আসামি মুন্নার সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। গত বছরের ১০ ডিসেম্বর তেজগাঁও থানার এসআই মো. আল আমিন বাদী হয়ে একটি মামলা করেন। এরপর ২৫ ডিসেম্বর তেজগাঁও থানার এসআই সনজিত্ কুমার ঘোষ মুন্নার বিরুদ্ধে আরেকটি মামলা করেন। গত ২০ নভেম্বর সিআইডির করা মামলায় মুন্না আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এদিন মুন্না স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় মামলার তদন্ত কর্মকর্তা আসামির জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মো. মামুনুর রশিদের আদালত ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন। এর পর তাকে কারাগারে পাঠানো হয়। গত ১৯ নভেম্বর সিআইডির ইন্সপেক্টর জেহাদ হোসেন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন।