প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করে ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হবে বলে তিনি জানান।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের নিকট মো. জাকির হোসেন বলেন, সরকারি প্রাথমিক স্কুল খোলা হলেও একাধিক শিফট করে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ক্লাস নেওয়া হবে। সেক্ষেত্রে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বাকি ক্লাসগুলো সপ্তাহে এক দিন করে নিতে নির্দেশনা দেওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন করে ক্লাস নেওয়ার উপযোগী করে তুলতে বলা হয়েছে। আমরা ফেব্রুয়ারির যে কোনো দিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছি। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হবে।
কিন্ডারগার্টেন স্কুল খোলার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, তারা চাইলে যে কোনো সময় স্কুল খুলতে পারে। এ বিষয়ে আমাদের কোনো বাধা-নিষেধ নেই। তারা আমাদের নিবন্ধন নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে না, তাদের বিষয়ে আমাদের কোনো দায়-দায়িত্বও নেই। তবে নিবন্ধিতরা তাদের প্রতিষ্ঠান খুলতে চাইলে আমাদের সঙ্গে আলোচনা করে স্কুল খুলতে পারবে।