সাড়ে তিন কোটি টাকা আত্মসাতের দায়ে বরখাস্ত কর কর্মকর্তা

করদাতার করের টাকা সরকারি হিসাবে জমা না দিয়ে আত্মসাত্ করায় খুলনা কর অঞ্চলের সাবেক কর কর্মকর্তা মো. মেজবাহ্উদ্দিনকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে সরকার। গতকাল এ বিষয়ে আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। সূত্র জানিয়েছে, খুলনা কর অঞ্চলের বিভিন্ন সার্কেলে কর্মরত থাকা অবস্থায় অভিযুক্ত সহকারী কর কমিশনার মো. মেজবাহ্উদ্দিন করদাতাদের জমাকৃত পে অর্ডার, ডিডি, ক্রসচেক সরকারি কোষাগারে জমা না দিয়ে বিভিন্ন ব্যাংক হিসাবে অবৈধভাবে জমা দিয়ে তা আত্মসাত্ করেন। এ অভিযোগ আমলে আসার পর ২০১৯ সালে  অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে এবং তাকে সাময়িক বরখাস্ত করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। তদন্তে তিনি দোষী সাব্যস্ত হন। এরপর তাকে চাকরিচ্যুত করার প্রস্তাবে গত ২৩ জানুয়ারি রাষ্ট্রপতি অনুমোদন দেন।