মার্চের প্রথম সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়ার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি। অগ্রাধিকার ভিত্তিতে স্নাতক শেষ বর্ষ এবং মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার জন্য এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রভোস্ট কমিটির এক সভায় এ সুপারিশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বিষয়টি ইত্তেফাককে নিশ্চিত করেছেন।
করোনার কারণে ১০ মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আবাসিক হলও বন্ধ। জানুয়ারি মাস থেকে সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়া শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপরই শিক্ষার্থীদের কাছ থেকে দাবি ওঠে হল খুলে পরীক্ষা নেওয়ার জন্য। শিক্ষার্থীরা জানায়, হলের বাইরে থেকে পরীক্ষা দেওয়ার সামর্থ্য অনেক শিক্ষার্থীর নেই।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সম্পর্কে প্রক্টর গোলাম রব্বানী বলেন, হল খোলার বিষয়ে প্রভোস্ট কমিটি সুপারিশ করেছে। সুপারিশটি হলো— স্নাতক শেষ বর্ষ এবং মাস্টার্স শেষ পর্বের হলে বসবাসরত শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষা গ্রহণের উদ্দেশে আগামী মার্চের প্রথম সপ্তাহে হলসমূহ প্রস্তুত রাখতে বলা হয়েছে। সবার জন্য হল উন্মুক্ত করা হয়নি। শুধু যাদের পরীক্ষা, তারা হলে থাকতে পারবেন।
তিনি বলেন, শুরুতে মাস্টার্সের পরীক্ষার্থীদের হলে তোলা হবে। পরে স্নাতক শেষ বর্ষের পরীক্ষার্থীদের হলে ওঠানো হবে। সব শিক্ষার্থীর জন্য কবে নাগাদ হল খোলার সিদ্ধান্ত হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনা পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।