করোনা মহামারির মধ্যে ইতালির অর্থনীতি বেশ চাপে পড়েছে। রাজনৈতিক সংকটের মুখে পড়েছে দেশটি। এরই মধ্যে পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী গুইসেপ্পে কন্তে। সিনেটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারায় তাকে পদত্যাগ করতে হলো। খবর রয়টার্সের
প্রেসিডেন্টের দপ্তর থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট সার্গিয়ো মাতারেলার কাছে পদত্যাগপত্র দিয়েছেন কন্তে। কাকে এই পদের জন্য মনোনীত করা হবে, তা দলের নেতাদের সঙ্গে আলোচনার পর প্রেসিডেন্ট সিদ্ধান্ত নেবেন বলে ঐ বিবৃতিতে জানানো হয়েছে। গত দুই সপ্তাহ ধরে নিজের পদ ধরে রাখার মরিয়া চেষ্টা করেছিলেন কন্তে। কিন্তু সিনেটে নিজের শক্তি প্রদর্শনে ব্যর্থ হন তিনি। ২০১৯ সাল থেকেই শরিক দলের সঙ্গে একটা দূরত্ব তৈরি হচ্ছিল কন্তের সরকারের। শেষমেশ সেই সংকট আরো বাড়ে। নিজের সরকার টিকিয়ে রাখতে পারবেন না এই ধারণা করেই আগেভাগেই পদত্যাগের সিদ্ধান্ত নেন কন্তে। বিশেষজ্ঞরা বলছেন, সরকার ভেঙে দিয়ে নতুনভাবে ফিরে আসার চেষ্টা করছেন কন্তে। কিন্তু সেটা কতদূর সফল হবে তা নিয়েও একটা সংশয় আছে। করোনা সংক্রমণের কারণে ইতালির অর্থনীতির অবস্থা টালমাটাল। দেশের অর্ধেক অংশে এখনো লকডাউন চলছে। টিকা দেওয়া শুরু হলেও এর গতি অনেক ধীর। প্রধানমন্ত্রীর পদত্যাগে রাজনৈতিক সংকট আরো বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।